গাজীপুরে ডায়রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত সোম ও গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭৬ জন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। রোগীর চিকিত্সা দিতে গিয়ে চিকিত্সকদের হিমশিম খেতে হচ্ছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নগরীর পশ্চিম জয়দেবপুর, বিলাশপুর, মুন্সিপাড়া, শিমুলতলী, পুবাইলের ডেমরপাড়া, চান্দনা চৌরাস্তা এবং সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি।
আক্রান্তদের মধ্যে শহরের মুন্সিপাড়া এলাকার গাড়িচালক জসিম উদ্দিন, শিমুলতলী এলাকার কাজল মিয়া (৫০) পশ্চিম জয়দেবপুরের সাগর মিয়া (২৮) বাড়িয়ার কেশরিতার মোস্তাফিজুর রহমান ও তাজুল ইসলাম, শ্রীপুরের ডুমনি গ্রামের অবিরাম দাসসহ (৬০) অনেকে সিট না পেয়ে সিঁড়ি ও বারান্দায় চিকিত্সা নিচ্ছেন।
হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয় ভূষণ দাস জানান, মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৭৬ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬২ জন পুরুষ, ১৩ জন নারী ও একজন শিশু। ৫-৬ জনের ডেঙ্গুর পরীক্ষা দেওয়া হয়েছে। বাকীরা স্বাভাবিক ডায়রিয়ার রোগী বলেই মনে হচ্ছে। আক্রান্তদের খাবার স্যালাইন ও শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুদ আছে। ওয়ার্ডে সিট না থাকায় যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে রেখে রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গাজীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. শাহীন বলেন, ডায়রিয়া গাজীপুর মহানগরীতে ছড়িয়েছে। সদর উপজেলার বাড়িয়া এলাকায় ডায়রিয়ার বিষয়ে তার জানা নেই। তারপরও ওই এলাকায় চিকিত্সক দল পাঠান হবে। কী কারণে ডায়রিয়া দেখা দিয়েছে তাও পরীক্ষা করে দেখা হবে।
