গাজীপুরে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে সিটি করপোরেশনের দক্ষিণ সালনার রাজার বাপের টেক এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ ঐ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আলামিন হোসেন (২২) নোয়াখালীর বেগমগঞ্জ থানার লাউতলী গ্রামের তোফায়েল হোসেনের ছেলে। সে নানী মায়া বেগমের সাথে গাজীপুর মহানগরীর তেলীপাড়া এলাকার রওশনারা বেগমের বাড়িতে ভাড়া থাকত। এ ঘটনায় নিহতের নানী বাদী হয়ে মঙ্গলবার বিকালে গাজীপুর সদর থানায় ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ বখতিয়ার (২৩) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, দক্ষিণ সালনা এলাকার হাবিবুর রহমানের ছেলে ইমরান হোসেন (২৩) জরুরি কথা আছে বলে সোমবার রাত ১০টার দিকে আলামিনকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সকালে দক্ষিণ সালনার রাজার বাপের টেক এলাকার সোহাগের পরিত্যক্ত টিনশেড ঘরের বারান্দায় তার লাশ পাওয়া যায়। পাওনা টাকার বিরোধের জের ধরে ইমরান তার সহযোগীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
