রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় ছুরিকাঘাতের মামলার আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের সুযোগ দেওয়ার অভিযোগে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনারকে তলব করেছেন আদালত।
আগামী বুধবার (১৯ নভেম্বর) তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মো. মামুনুর রশিদ স্বতপ্রনোদিত হয়ে এই আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদ হতে এই আদালতের গোচরীভূত হয়েছে যে, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া ফ্লাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক পুত্র তাওসিফ রহমান সুমনকে (১৮) ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তদপ্রেক্ষিতে ঘটনাস্থল হতেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এতে আরও বলা হয়, পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায় উক্ত অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভুক্তভোগীকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে যা ‘আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র’ মামলাসহ বিভিন্ন মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লংঘন।
এমতাবস্থায়, পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভুক্তভোগীকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ প্রদান করায় কেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ১৯ নভেম্বর স্বশরীরে আদালতর হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
