‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাপাসিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান। বৃক্ষমেলা উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীকে বিনামূল্যে একটি করে আম ও পেয়ারার চারা দেওয়া হয়।
