সিদ্ধিরগঞ্জে আবার ভুয়া চিকিত্সক গ্রেফতার

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০০:৩১

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মোস্তাক আহমেদ করিম (৪৩) নামে এক ভুয়া চিকিত্সককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ হক সুপার মার্কেটে ‘নিউ মুক্তি  ডায়াগনস্টিক সেন্টারে’ র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব ও সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও সিদ্ধিরগঞ্জে কয়েক দফা অভিযানে র্যাব একাধিক ভুয়া চিকিত্সককে গ্রেফতার করেছে।

র্যাব জানায়, মোস্তাক আহমেদ তার নামের পাশে ডাক্তারি ডিগ্রি হিসেবে এমবিবিএস(ডি-অর্থো), পিজিটি(ডি-অর্থো), পিজিটি(হূদরোগ) চিফ মেডিক্যাল অফিসার, সিকদার গ্রুপ এবং হাড় জোড়া, বাত ব্যথা, মেরুদণ্ড বিশেষজ্ঞ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল- নিজস্ব প্যাডে উল্লে­খ করেছেন যা প্রতারণার সামিল। র্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিত্সক হিসেবে তার রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি তার নামের সাথে মিল থাকায় ডাঃ মোঃ মোস্তাক আহম্মেদ এর রেজিস্ট্রেশন নম্বর-২৬৬৩৩ দেখান। কিন্তু উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, নিবন্ধনকৃত ডাঃ মোস্তাক আহমেদ ও তিনি এক ব্যক্তি নন। তার নামের সাথে মিল থাকায় প্রায় ১২ বছর ধরে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন হাসপাতালে রোগী দেখে চিকিত্সার নামে প্রতারণা করে আসছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুমারখালী এলাকায়।

মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, মোস্তফা আহমেদ করিম এইচএসসি পাশ করে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবি করে বিভিন্ন জায়গায় চিকিত্সা দিয়ে আসছিল। এতে রোগী ভুল চিকিত্সাসহ প্রতারণার শিকার হয়ে শরীরিক সমস্যায় ভুগছিলেন। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।