রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগরী শাখার নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলের নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল র্যালি করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই র্যালি দেন তিনি। এসময় একই রকম টি-শার্ট পড়ে র্যালিতে যোগ দেয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড এলাকা থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ছাদখোলা গাড়িতে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানান। তার পেছনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা।
এসময় তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। শোডাউন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নগরীর দরগাপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে এই র্যালি শেষ হয়।
