আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকারের দাবি জানিয়েছে তরুণরা। 'ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস' উদ্যাপন উপলক্ষ্যে রবিবার বিকাল ৫টায় রাজধানীর শ্যামলী মাঠের সম্মুখ সড়কে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের আয়োজনে রোডক্র্যাশ হতাহতদের স্মরণে তরুণ পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালনে এ কথা বলেন উপস্থিত তরুণ শিক্ষার্থীরা।
তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যেভাবে মানুষ মারা যাচ্ছে তাতে করে সড়ক দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে। সড়ক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলো তরুণরা এবং তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে রোডক্রাশ বা সড়ক দুর্ঘটনা। তাই সড়কে আর যেনো কোনো প্রাণ না ঝরে তার জন্য একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনার প্রয়োজন। এই নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে, আর সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে অবশ্যই সড়ক নিরাপত্তা আইন প্রণয়নসহ যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকরণ এবং একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনা বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।
মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ প্রায় অর্ধ শতাধিক তরুণ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণসহ নানা শ্রেণি-পেশার শতাধীক মানুষ অংশ নেয়। এ সময় তারা বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি কার্যকর 'সড়ক নিরাপত্তা আইনে'র দাবি জানান।
এর আগে বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেফ সিস্টেম অ্যাপ্রোচ ও সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

