রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় সেখানে ওই নবজাতকের মৃত্যু হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর আগে ওইদিন সকাল ৯ টার দিকে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর উত্তরপাড়া গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সার্জন চিকিৎসক ডা. খালিদ বিন কাশিম নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে আব্দুল করিম নামের এক কৃষক কৃষি জমিতে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ শুনতে পান। পরে নবজাতকের ভেসে আসা কান্নার সূত্র ধরে কৃষক এগিয়ে গেলে ধানক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে ফুটফুটে নবজাতককে দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান সেখানে। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় প্রাথমিক সেবা দেওয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ওই নবজাতক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সর্বশেষ মঙ্গলবার রাত ৮টার দিকে এ প্রতিবেদন শিশুটির কোনো পরিচয় মেলেনি। এমন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় এক নারী বাসিন্দা বলেন, আমরা শিশুটিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। মানুষ এমন নির্মম হতে পারে! এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নবজাতকটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন আগ্রহ প্রকাশ করেন। কিন্তু দিনভর চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় ওই নবজাতকের মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সকালের দিকে গ্রামের লোকজন ধানক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার দিকে জানতে পারি শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখনও শিশুটির পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

