টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ২০:২৮

গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও অভিযুক্ত তিন শিক্ষকের বহিষ্কারের জেরে মাদ্রাসাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৯ নভেম্বর) মাদ্রাসাটির টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু বিভাগ থেকে কামিল পর্ব পর্যন্ত সব ক্লাস এবং আলিম দ্বিতীয় বর্ষের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে অভ্যন্তরীণ অন্যান্য নির্ধারিত কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

অধ্যক্ষ মো. হেফজুর রহমান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার চার দফা দাবিতে শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। সড়ক থেকে শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করেন শিক্ষকরা। এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালান। এতে পাঁচজন শিক্ষক আহত হন। পরে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদের অনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষকদের প্রায়  ৯ ঘণ্টা অবরুদ্ধ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রতিবাদে বুধবার সকাল থেকে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

ইত্তেফাক/এপি