সম্প্রতি ভূমিকম্পের ঝাঁকুনি অনেকের মনে আতঙ্ক তৈরি করেছে—এমন পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার ও স্বেচ্ছাসেবকদের একটি দল নিয়ে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে নাগরিক সংগঠন ‘দিন বদলের এখনই সময়’। তারা বাড়ি বাড়ি গিয়ে ভূমিকম্পে সৃষ্ট ফাটল পরীক্ষা করছেন, ব্যাখ্যা দিচ্ছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করা ও তা মেরামতের উপায় জানানোই ছিল তাদের প্রধান উদ্দেশ্য, যাতে মানুষ আবারো ভূমিকম্প নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত না হয়।
ভূমিকম্প পরবর্তী সচেতনতা কার্যক্রমের পাশাপাশি প্রতিদিনের জীবনের নানা সমস্যা—সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জলাবদ্ধতা ও সামাজিক অস্থিরতা দূর করতে এলাকাব্যাপী কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
‘দিন বদলের এখনই সময়’ এর পক্ষ থেকে বলা হয়েছে—পরিবর্তন রাতারাতি হয় না, কিন্তু শুরুটা আজ থেকেই হতে পারে। একসঙ্গে চলার শক্তি বদলে দিতে পারে আমাদের এলাকার প্রতিটি গলি, প্রতিটি ঘর, প্রতিটি মানুষের জীবন।”
এ বিষয়ে রাজনীতিবিদ ববি হাজ্জাজ বলেন, ‘নিজের এলাকা শুধু একটি ঠিকানা নয়, এটি আমাদের পরিচয়। অন্যের ভরসায় বসে না থেকে আপনি কি প্রস্তুত এই পরিচয়কে নিজেই রূপ দিতে? আপনি শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী বা ব্যবসায়ী—যেই হোন না কেন, আপনার অংশগ্রহণ আপনার এলাকাকে নিরাপদ, পরিষ্কার ও সুন্দর করতে পারে। আজ থেকেই সবাই একসঙ্গে এগিয়ে আসুন।’
সংগঠনটির মতে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে, আর এই যাত্রা শুরু হচ্ছে মানুষের বাড়ি–বাড়ি, সমস্যা–সমাধানের হাত ধরে।

