রংপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২১:২১

রংপুরে আবু শাহাদত মো. দুলাল (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডের মাহিগঞ্জ শরেয়ারতল এলাকার একটি পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল ওই ওয়ার্ডের মহিন্দ্রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মহিন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১০ জন

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান জানান, দুলাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। আজ বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে একটি কবরস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

ইত্তেফাক/নূহু