কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে এই ঘটনায় নিহত মানিক উল্লাহর জামাতা সিরাজুল ইসলাম বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলাটি দায়ের করেছেন। এতে মোফাজ্জল হোসেন (৩০), মোজাফ্ফর হোসেন (৩২), মোয়াজ্জেম হোসেন (২৬), আজিজার রহমান (৫৫), আজিজারের স্ত্রী পারুল বেগম (৩২), সফিকুল ইসলামসহ (৩২) ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ থেকে ১১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে রোববার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার ছিলাখানা হাইল্যাটারী গ্রামে বিরোধপূর্ণ ১৮ শতক জমির দখল নিয়ে আপন চাচাতো ভাই মানিক উল্লাহ, নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন, আজিজার রহমানসহ তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪২), মানিক উল্লাহর বোন ও খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।
কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অপরপক্ষের মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩