দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে ও ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শুক্রবার বিকালে রাজধানীর দৃকপাঠ ভবনে শুরু হলো ওয়ার্ল্ড প্রেস ফটোর ৭০ বছরপূর্তি প্রদর্শনী 'আমরা কী করেছি? ওয়ার্ল্ড প্রেস ফটোর সাত দশকের ফিরে দেখা'। শিল্পী ও আলোকচিত্রী ক্রিসটিনা দে মিডেল-এর কিউরেট করা এই প্রদর্শনীটি ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং নেদারল্যান্ডসের গ্রোনিনজেন শহরে প্রদর্শিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড প্রেস ফটোর ম্যানেজার প্রোগ্রামস আনা কুচমা, চর্চার সম্পাদক সোহরাব হাসান ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও কিউরেটর এ এস এম রেজাউর রহমান।
শহিদুল আলম ওয়ার্ল্ড প্রেস ফটোর সাত দশকে ফিরে দেখা প্রসঙ্গে বলেন, 'এখানে যা হচ্ছে একটা আত্মসমালোচনা চর্চা চলছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মসমালোচনার ভেতর দিয়ে না গেলে, কিন্তু পরিবর্তন আসবে না। নারীদের কীভাবে তুলে ধরা হয়। যাদেরকে আমরা মেজরিটি ওয়ার্ল্ড বলি, তাদের কাজ কবে আসল। এই চর্চা না হলে, হবে না।'
আনা কুচমা বলেন, 'ওয়ার্ল্ড প্রেস ফটো আর্কাইভহল বিশ্বব্যাপী ইতিহাস এবং আলোকচিত্রীদের কাজের এক অসাধারণ প্রমাণ, যারা জনস্বার্থে এবং তথ্য প্রকাশের অধিকার নিশ্চিত করতে ব্যক্তিগত ঝুঁকির মুখেও তাদের জীবন উৎসর্গ করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত সকল অংশগ্রহণকারীর সমস্ত আলোকচিত্র এতে অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে আছে ৫০ হাজারেরও বেশি ছবি। প্রদর্শনী ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। পাশাপাশি ফটোজার্নালিজম ও ভিজ্যুয়াল ন্যারেটিভ বিষয়ক কর্মশালা গতকাল শেষ হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় থাকছে প্যানেল আলোচনা।
