সিলেট ওসমানীতে বিনামূল্যে চিকিৎসা দিতে বলা হয়েছে

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২৩:৪৭

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর টেস্ট থেকে শুরু করে সকল চিকিৎসা সেবা ফ্রি দিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। বুধবার তিনি হাসপাতালের পরিচালককে ফোন করে এ নির্দেশ দেন। 

গত ২৪ ঘণ্টায় ওসমানী হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। চিকিৎসাধীন থাকা ছয় জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হয়েছেন এক জন শিশু, তিন জন মহিলা ও ১০ জন পুরুষ।

ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ডেঙ্গু সনাক্ত করার জন্য এন্টিজেন, এন্টিবডি টেস্ট করার ব্যবস্থা ছিল না। তবে আজ থেকে তা শুরু করা হয়েছে। আর রোগীদের সেবা নিশ্চিত করতে তারা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, ওসমানী হাসপাতালে সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগী ভর্তি হন গত ৭ জুলাই। এরপর মাঝে-মধ্যে এক-দুজন করে ভর্তি হচ্ছিলেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ওসমানীতে এসেছেন ৫৯ জন। এর মধ্যে এক রোগীর স্বজনরা তাকে নিয়ে গেছেন ঢাকায়। আর ২০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। বাকি ৩৮ জন এখনও আছেন হাসপাতালে।


ইত্তেফাক/জেডএইচ