ইউপি চেয়ারম্যানের হুকুমে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০১:৪২

ময়মনসিংহের গৌরীপুরে ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের (৩৬) হুকুমে নারী ইউপি সদস্য মুর্শিদা বেগমকে (৪১) মারধরের অভিযোগ ওঠেছে। বুধবার সকাল ৯টার দিকে মইলাকান্দার কাউরাট গ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

মুর্শিদা বেগম মইলাকান্দা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য। তিনি বড়কালিহর গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে।

মুর্শিদা বেগম বলেন, ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রতিবাদ ও অভিযোগ করায় তিনি আমার প্রতি ক্ষুব্ধ ছিলেন। ঘটনার দিন সকালে এলাকার স্যানিটেশন বিষয়ে কথা বলার জন্য কাউরাট গ্রামে চেয়ারম্যানের বাড়িতে যান তিনি। এসময় কথাবার্তার এক পর্যায়ে চেয়ারম্যান তার প্রতি ক্ষুব্ধ হন এবং উত্তেজিত হয়ে তাকে ঘর থেকে বের করে দেন। মুর্শিদা চেয়ারম্যানের এমন অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করলে চেয়ারম্যান আরো ক্ষিপ্ত হয়ে তার চাচা লিয়াকত আলীকে মারধর করার জন্য হুকুম দেন। চেয়ারম্যানের হুকুমে লিয়াকত আলী চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তায় প্রকাশ্যে মুর্শিদাকে শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে আহত করেন।

আরো পড়ুন: মশার ওষুধের জন্য আরো এক সপ্তাহ অপেক্ষা

নারী ইউপি সদস্য আরো জানান, মারধরের পর তাকে চেয়ারম্যানের বাড়িতে প্রায় এক ঘণ্টা আটক রাখা হয়। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে তাকে চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

এদিকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও তার চাচা লিয়াকত আলীর বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সাংবাদিকদের জানান মুর্শিদা বেগম।

এ বিষয়ে মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ জানান, ঘটনার দিন সকালে নারী ইউপি সদস্য আমার বাড়ির সামনে এসে আমাকে গালমন্দ করছিলেন। এ নিয়ে আমার চাচার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এখানে মারধরের কোন ঘটনা ঘটেনি। 

তিনি আরো জানান, পরে ইউপি সদস্য মুর্শিদাকে বাড়িতে বসিয়ে ঘটনাটি আপোষ মীমাংসার চেষ্টা করেছেন তিনি। এক্ষেত্রে তাকে বাড়িতে আটক করে রাখার অভিযোগটি মিথ্যা। 

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, তিনি থানায় ছিলেন না। একটি অভিযোগ দায়ের করেছেন বলে শুনেছেন। একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ