ব্যারিস্টার মইনুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধা ও দোয়া মাহফিল

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫১

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শোক ও শ্রদ্ধার সঙ্গে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কবরে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল থেকে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার মইনুল হোসেনের মাজারে কুরআনখানি অনুষ্ঠিত হয়। গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ ব্যারিস্টার মইনুল হোসেনকে। তার রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, মরহুমের বড় ছেলে জাবেদ হোসেন, মরহুমের ছোট ছেলে আরশাদ হোসেন, নাতনি আরিশা হোসেন, ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের প্রমুখ।

মোনাজাত শেষে দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এর আগে সকাল থেকেই মরহুমের মাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরিবারের সদস্য, স্বজন-শুভাকাঙ্ক্ষীরা তার কবরের পাশে গিয়ে ফাতেহা পাঠ করেন।

এছাড়া মতিঝিলের ১, আর. কে. মিশন রোডে দৈনিক নিউ নেশন পত্রিকার কার্যালয়ে পরিবারবর্গের আয়োজনে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এই দোয়ায় উপস্থিত ছিলেন তার বড় ছেলে জাবেদ হোসেন, ছোট ছেলে ও দ্য নিউ নেশন-এর ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেন, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মো. বাবর প্রমুখ।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সব মহলে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন এই ব্যক্তিত্বের জীবনাবসান ঘটেছিল ৮৩ বছর বয়সে।

ইত্তেফাক/এনএন