আভেরোস ইন্টারন্যাশনাল স্কুলে দখলচেষ্টা ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৭

রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত আভেরোস ইন্টারন্যাশনাল স্কুলে অনিয়ম ও দখলচেষ্টা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্কুলটির চেয়ারম্যান মো. আখতারুজ্জামান । গতকাল বুধবার দুপুরে স্কুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন ।

সম্মেলনে মো. আখতারুজ্জামান বলেন, বুধবার সকালে একদল স্কুলে হামলা চালায়। এতে শিক্ষক- কর্মচারীরা লাঞ্ছিত হন। এ সময় স্কুলে পরীক্ষা চলছিল।

তিনি বলেন, “ছোট ছোট বাচ্চারা এমন ঘটনা জীবনে কখনো দেখেনি। অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, স্কুলে নিরাপত্তা জোরদার করা হবে।'

সম্মেলনে তিনি আরো বলেন, ২০১৫ সালে তিনি স্কুলটি প্রতিষ্ঠা করেন। একই বছর 'পিস ইন্টারন্যাশনাল স্কুল' বন্ধ হওয়ার পর সেখানকার কিছু শিক্ষার্থী তার প্রতিষ্ঠানে যুক্ত হয়। এরপর থেকে লালমাটিয়া, মিরপুর ও উত্তরা এই তিনটি শাখা নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে স্কুলের প্রিন্সিপালের শিক্ষাগত সনদ 'জাল', যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অবৈধ ঘোষণা করে। পরে ঢাকা শিক্ষা বোর্ড স্কুলের প্রিন্সিপালকে অপসারণের নির্দেশ দেয়। সেই অনুযায়ী প্রিন্সিপালকে অপসারণ করা হয় ।

আখতারুজ্জামান জানান, '১৩ অক্টোবর স্কুলের মালিকানা ও পরিচালনাসংক্রান্ত দ্বন্দ্ব মেটাতে একটি আরবিট্রেশন বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুক্তার আহমেদসহ সদস্যরা আড়াই মাস তদন্ত চালান। সমাধান চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগমুহূর্তে 'দুষ্টচক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে হামলা চালায়'।

এক প্রশ্নের জবাবে আখতারুজ্জামান বলেন, 'হত্যা মামলার আসামি গোলাম মোস্তফাকে স্কুলের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ । পরে মোস্তফার লোকজন জড়ো হয়ে পুলিশকে মারধর করে এবং আসামিকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলে সেই মামলায় ১ নম্বর এজাহারনামীয় আসামি স্কুলের অপসারণ করা সাবেক প্রিন্সিপাল আনিসুর রহমান সোহাগ ।

ইত্তেফাক/এনএন