বাগেরহাটের মোংলা ও মোল্লাহাট মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ও দুপুরে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
এতে খুলনা-মোংলা মহাসড়কের দ্বিগরাজ এলাকায় নিহতের পরিচয় জানা যায়নি। মোল্লাহাটের আবুল খায়ের সেতু এলাকায় কাভার্ডভ্যান চাপায় নিহত ব্যক্তির নাম ঠাকুর (৫৫)।
বাগেরহাট জেলা পুলিশ জানায়, খুলনার রপসা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দিগরাজ বাজার কলেজ রোডের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশে হেফাজতে দিয়েছেন।
অন্যদিকে, সকালে মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের একজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। তিনি কর্মস্থলে যাওয়ার সময় বাইসাইকেল চালাচ্ছিলেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, সাইকেল আরোহীকে চাপা দিয়ে ফকিরহাটের দিকে পালিয়ে যাওয়া কাভার্ডভ্যানটি আটক করার চেষ্টা চলছে।
