পাবনায় স্কুলছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:০০

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবির মাহমুদ অনি (১৫) হত্যার প্রতিবাদে বুধবার পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় নিহত শিক্ষার্থী অনির বড়ভাই আশিক মাহমুদ অভিসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

উল্লেখ্য, পাবনার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামের রবিউল ইসলাম প্রাংয়ের ছেলে অনি গত ২৬ নভেম্বর বিকালে দুবলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। নিখোঁজের ১ দিন পরে তার বাবা রবিউল ইসলাম প্রাং আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়রি করেন। এর ৩ দিন পর দুবলিয়া পুলিশ ক্যাম্পের পাশে মাঠের একটি হলুদ ক্ষেতের মাটির নিচে মেলে স্কুলছাত্র অনির লাশ।