ডেঙ্গুতে টেকনাফের ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:১৯

কক্সবাজারের টেকনাফে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আবদুল মালেক (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।তার ছোট ভাই রাশেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আবদুল মালেক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা লতা ফকিরপাড়ার বাসিন্দা মাস্টার আবুল কাশেম প্রকাশ কাশেম সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ পৌরসভার ওপরের বাজারে ‌একটি কাপড়ের দোকান করতেন। 

মালেকের ছোট ভাই রাশেল জানায়, দোকানে থাকা অবস্থায় ১০ দিন আগে রাতে শরীরে বেশি জ্বর অনুভব করেন মালেক। তাকে চট্টগ্রামের একটি ক্লিনিকে নেওয়ার পর ডেঙ্গু ধরা পড়ে এবং সেখানে ভর্তি হন। সেখান থেকে তাকে নেওয়া হয় সার্জিস্কোপ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেয়। 

আরও পড়ুন: প্রধান শিক্ষককে বরখাস্ত করায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন

এরপর গত ২৮ জুলাই ঢাকা ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/অনি