জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ বদ্ধপরিকর

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৪৬

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে একটি আধুনিক এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বিশ্বে একটি মর্যাদাশীল জাতি বিনির্মাণের চলমান সংগ্রামের ধারাবাহিকতায় বিশ্বের বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে বিদ্যমান চমত্কার সমপর্ক আরও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠায় সরকার নিবিড়ভাবে কাজ করছে।

মন্ত্রী গত মঙ্গলবার হোটেল ওয়েস্টিনে বাংলাদেশে মরক্কো দূতাবাস আয়োজিত দেশটির ২০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালিম বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর  রিজভী, বাংলাদেশে  বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ট্রেডবডির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ইত্যাদি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে যা উভয় দেশের জন্য খুবই সম্ভাবনাময়। তিনি বলেন, বাংলাদেশ ও মরক্কো জাতিসংঘ, ন্যাম এবং ওআইসিসহ বহুপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন প্লাটফর্মে সহমত এবং  সহ-অবস্থানসহ  অভিন্ন চিন্তা-ভাবনার স্বাক্ষর রাখছে— যা পারসপরিক সমপর্ককে সুদৃঢ় করেছে। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রেক্ষিত বর্ণনা করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লব কিংবা রোবটিক অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার উন্নত দেশের প্রেক্ষিত বাংলাদেশ কিংবা মরক্কোর সাথে এক হবে না। আগামী দিনের প্রযুক্তির অভাবনীয় চ্যালেঞ্জ মোকাবেলায় মরক্কো এবং বাংলাদেশ এক সাথে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।