শ্রীলঙ্কার নতুন শুরু দেখছেন অধিনায়ক

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৫৪

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরিয়েই হঠাত্ দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করায় কম সমালোচনা হয়নি। বিশ্বকাপেও ভালো কিছু করে সেই সমালোচনাটা যে বন্ধ করবেন, তাও পারেননি অধিনায়ক করুনারত্নে। অবশেষে সেই নতুন অধিনায়কের অধীনেই ৪৪ মাস পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা।

বাংলাদেশকে শেষ ম্যাচে ১২২ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ নিশ্চিত করার পর আতশবাজি ফুটলো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। খেলোয়াড়রা মোটর সাইকেলে করে মাঠ চক্কর দিলেন। এতেই বোঝা গেলো, এই জয়টার গুরুত্ব তাদের কাছে কতোখানি। এই সিরিজের প্রথম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। আর শেষ ম্যাচে বিদায়ী সম্মাননা দেওয়া হয়েছে আরেক ফাস্ট বোলার নুয়ান কুলাসেকেরাকে। এই উপলক্ষগুলো রঙিন করে রাখতে পেরেছে শ্রীলঙ্কা। আর এটাকেই অধিনায়ক করুনারত্নে বলছেন, নতুন একটা শুরুর সময়।

নিজেদের নতুন শুরু নিয়ে কথা বলতে গিয়ে ম্যাচের পর করুনারত্নে বলছিলেন, ‘হ্যাঁ, এটা আমাদের নতুন একটা শুরু। আমি মনে করেছিলাম, বিশ্বকাপের পর আমাদেরকে নতুন করে শুরু করতে হবে। আমাদেরকে কিছু নতুন প্রতিভা খুঁজে বের করতে হবে। আমরা বলা চলে, সেটা করতে পেরেছি। আমাদের সামনে বেশ কিছু হোম ও অ্যাওয়ে সিরিজ আছে। আমরা সেখানে খেলোয়াড়দের নিজেদের মেলে ধরার সুযোগ দিতে মুখিয়ে আছি। আমরা এই সফরগুলোতে কিছু নতুন প্রতিভা খুঁজে বের করতে চাই। আগামী বিশ্বকাপের জন্য আমরা সেরা ১৫ জন খেলোয়াড়কে খুঁজে বের করতে চাই।’

বাংলাদেশের বিপক্ষে এই জয়টা কেন তারা এতো উদযাপন করছেন, সে ব্যাখ্যাও দিলেন করুনারত্নে। তিনি বলছিলেন, ‘আমরা এটা জিততে চাচ্ছিলাম। অনেকদিন পর আমরা একটা সিরিজ জিতলাম। আমি মনে করি, আমাদের এটা উদযাপন করাই উচিত। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর থেকে আমাদেরকে কঠিন সময় পার করতে হয়েছে। আমরা এখন উদযাপন করছি। কাল থেকে নতুন করে আবার মনোযোগ ঠিক করবো।’

করুনারত্নে অবশ্য এই সিরিজ জয়ের কৃতিত্ব অধিনায়ক হিসেবে একার কাঁধে নিতে রাজি নন। তিনি এর পেছনে সিনিয়র খেলোয়াড়দের অবদান জানিয়ে বলছিলেন, ‘আমি সবসময় অ্যাঞ্জেলো (ম্যাথুস) ও লাসিথের (মালিঙ্গা) সঙ্গে কথা বলেছি। ওরা আমাকে দারুণ সমর্থন দিয়েছেন। আমি এখনো শিখছি। আমাকে অধিনায়কত্বে অনেক উন্নতি করতে হবে। যেসব খেলোয়াড় অনেক ক্রিকেট খেলেছে, তারা সবাই আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিচ্ছে। আর আমি এটাই চাই। আমি চাই সবাই খেলায় সম্পৃক্ত থাকুক এবং সবাই সঠিক কাজটা করুক।’

এর মধ্যে আলাদা করে করুনারত্নে প্রশংসা করলেন ম্যাথুসের। শেষ ম্যাচে তার দায়িত্বশীল ইনিংসে ভর করেই বড়ো স্কোর করেছিলো শ্রীলঙ্কা। তার সম্পর্কে বলতে গিয়ে করুনারত্নে বলছিলেন, ‘অ্যাঞ্জেলো খুব কঠিন ও অভিজ্ঞ একজন খেলোয়াড়। সে খেলাটা খুব ভালো বোঝে। এ কারণেই সে ব্যাট হাতে সাফল্য পেয়ে থাকে। সে যদি দুই এক ওভার বল করতে পারে, ওটা শ্রীলঙ্কার জন্য বড়ো প্রাপ্তি হবে।’