রিয়াল মাদ্রিদ প্রাক মৌসুমে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। গত বুধবার রাতে করিম বেনজেমার হ্যাটট্রিকে ফেনারব্যাচকে ৫-৩ গোলে হারিয়েছে দলটি। এছাড়াও প্রীতি টুর্নামেন্ট অডি কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে টটেনহ্যাম। দিনের অন্য প্রীতি ম্যাচে লিভারপুল লিওঁকে ৩-১ গোলে হারিয়েছে। এছাড়াও মেজর লিগ সকার অল স্টারদের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
প্রাক মৌসুমের শুরু থেকেই ধুঁকছিল রিয়াল মাদ্রিদ। বায়ার্নের কাছে হারে শুরুর পর আর্সেনালের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছিল। এরপর অ্যাটলেটিকো আর টটেনহ্যামের কাছে হারে দলটি। এই সময়ে ১৩ গোল হজম করে তারা। বুধবার ম্যাচের শুরুটাও ভালো হয়নি রিয়ালের। শুরুতেই গোল হজম করে তারা। এরপর করিম বেনজেমার হ্যাটট্রিক ও নাচো ফার্নান্দেজ আর মারিয়ানো ডিয়াজের লক্ষভেদে ফেনারব্যাচের বিপক্ষে ৫-৩ গোলের জয় পায় কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।
দুর্দান্ত হ্যাটট্রিকের পর বেনজেমা জানালেন এমন পারফরমেন্সে ভেসে যাচ্ছেন না তিনি। ফরাসি ফরোয়ার্ডের ভাষায়, ‘আপনাদের একটা ব্যাপার জানিয়ে রাখি, এটা কেবলই একটা প্রাক মৌসুম ম্যাচ। এই সময়ে লিগ শুরুর আগে সর্বোচ্চ মানে পৌঁছানোই লক্ষ্য থাকে। শারীরিক ও কৌশলগতভাবে উন্নতি করার চেষ্টা করছি আমরা।’
এমন জয়ের পরও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বড়ো হারের কথা ঘুরেফিরেই এলো সংবাদ সম্মেলনে। বেনজেমা সমর্থকদের পাশে চাইলেন। তিনি বলেন, ‘ডার্বি ম্যাচে সাত গোল হজম করে হারার পর সমালোচনা একেবারেই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা এখন অতীত এবং আমরা ক্রমাগত উন্নতি করে যেতে চাই। আমি চাই ভক্তরা আমাদের ওপর বিশ্বাস রাখুক কারণ তাদের সমর্থনটা প্রয়োজন আমাদের।’
নতুন মৌসুমে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বেনজেমা। তিনি বলেন, ‘এই মৌসুমের ব্যাপারে আমার ভালো অনুভূতি আসছে। ব্যক্তিগতভাবেও আমি ভালো বোধ করছি। তবে এখনো অনেকগুলো অনুশীলন সেশনে সময় দিতে হবে আমাকে।’
স্বদেশি পল পগবার রিয়ালে আসার ব্যাপারে প্রশ্ন সরাসরি এড়িয়ে যান বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি এ নিয়ে কথা বলতে পারব না। আমাদের ভালো একটা দল আছে এবং আমরা নিজেদের কাজেই মনোযোগ দিচ্ছি কেবল।’
এদিকে মঙ্গলবার রিয়ালকে হারানো টটেনহ্যাম এর একদিন পর বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়েছে। এরিক লামেলা আর ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যাওয়ার পর অগ্রগামিতা ধরে রাখতে পারেনি টটেনহ্যাম। জঁ ফিয়েতে আর্প আর আলফন্সো ডেভিসের গোলে সমতায় ফেরে বায়ার্ন। মূল সময়ে সমতায় থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোলে জয় পায় টটেনহ্যাম।
এদিকে ইউরোপসেরা লিভারপুল লিওঁর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও রবার্তো ফিরমিনোর ও হ্যারি উইলসনের লক্ষ্যভেদ আর জোয়াকিম অ্যান্ডারসনের আত্মঘাতী গোলের সুবাদে ৩-১ গোলের জয় পায়। দিনের অন্য প্রীতি ম্যাচে মার্কোস ইয়োরেন্তে, হোয়াও ফেলিক্স আর দিয়েগো কস্তার গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ এমএলএস অল স্টারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে।
