জেল থেকে ছাড়া পেয়েই অধ্যক্ষের ওপর হামলা

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২৮

বরিশালে জেল থেকে ছাড়া পেয়েই কলেজ অধ্যক্ষকে বুধবার পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মিজানুর রহমান রুবেলকে আটক করেছে পুলিশ। অধ্যক্ষর ওপর হামলার ঘটনায় সিটি কলেজের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর আউয়াল হোসেন বাদী হয়ে বুধবার রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সিটি কলেজের অফিস কক্ষের আলমারি ভেঙে টাকা লুট হয়। ঐ ঘটনায় দায়ের মামলায় সৌরভ বালা ও রুবেলসহ বেশ কয়েকজন আসামি ছিল। গত ২৯ জুলাই ঐ মামলায় সাক্ষী দিয়ে আসার পরপরই সৌরভ বালা, রুবেলসহ একদল যুবক ক্যাম্পাসে প্রবেশ করে হট্টোগোলের সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সৌরভ বালা ও ইয়ামিন হোসেন জুয়েলসহ তিন যুবককে আটক করে। পরে আদালত থেকে ছাড়া পেয়েই পুনরায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সিটি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সৌরভ, রুবেল, ইয়ামিনসহ তাদের সহযোগিরা। তাদের হামলায় কলেজ অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ আহত হলে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া কলেজের পক্ষ থেকে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারী বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।