শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন ছিল গতকাল। এ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। শোকের মাসের প্রথম দিন রাত ১২টা ১ মিনিটে আলোর মিছিলের মধ্যদিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। মিছিলটি ধানমন্ডি ৩২নং সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে শেষ হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ আলোর মিছিলের আয়োজন করে। সকালে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
আগস্টের প্রথম দিনে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত ও মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। এদিকে সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদফতর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়েছে।
কৃষক লীগ বিকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে শোকের মাসের প্রথম দিনে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ বক্তব্য দেন।
এর আগে সকালে শোকের মাসের প্রথম দিনে বঙ্গবন্ধু পরিষদ কলাবাগানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদের নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাংবাদিক অজিত কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
