করদাতাদের মাসিক রিটার্ন দাখিল এবং আমদানি-রপ্তানিসহ অন্যান্য ব্যাবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে অনলাইনে ভ্যাট (মূসক) নিবন্ধন ও পুনঃনিবন্ধনের সময় আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩১ জুলাই ছিল নিবন্ধন ও পুনঃনিবন্ধনের শেষ সময়।
গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান বলেন, করদাতাদের সুবিধার্থে অনলাইনে ভ্যাট নিবন্ধনের সময় ১৪ দিন বাড়ানো হয়েছে। আশা করি এই সময়ের মধ্যে সব করদাতা অনলাইনে নিবন্ধন শেষ করবেন।
বিজ্ঞপ্তিতে রাজস্ব প্রশাসন যেসব করদাতা ইতিপূর্বে অনলাইনে ৯ ডিজিটের মূসক নিবন্ধন করেছেন তাদের নতুন করে ‘মূসক-২.১ ফরম’ পূরণ করে নিবন্ধন সংক্রান্ত তথ্যসমূহ হালনাগাদ করতে বলেছে। এছাড়া যেসব করদাতা নতুন পদ্ধতিতে মূসক নিবন্ধন গ্রহণ করেননি অর্থাত্ এখনো ১১ ডিজিটের নিবন্ধন ব্যবহার করছেন, তাদের অবিলম্বে অনলাইনে নিবন্ধন গ্রহণ করতে বলেছে সংস্থাটি। আরো জানানো হয়, যেসব করদাতা ৭ জুলাই পর্যন্ত অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করেছেন, সিস্টেম আপগ্রেড করার কারণে সেটি বন্ধ থাকায় তাদের নিবন্ধনের আবেদন সিস্টেমে গৃহীত হয়নি। তাদের পুনরায় অনলাইনে নিবন্ধনের অনুরোধ করেছে এনবিআর। ১ জুলাই থেকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন আইনের প্রয়োগ পদ্ধতি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। ১৬১টি পণ্য ও সেবা উত্পাদন এবং সরবরাহের ক্ষেত্রে ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর।
