আইজিপির নামে চাঁদাবাজি, প্রতারক গ্রেফতার

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২২:৪০

পুলিশের ভুয়া সিল-প্যাডে আইজিপি স্বাক্ষরিত চিঠি বিতরণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায় করে আসছিলেন টিপু মিয়া। সম্প্রতি বেসরকারি সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের কাছে আইজিপি পরিচয়ে টাকা চেয়ে চিঠি পাঠান তিনি। বিষয়টি সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইজিপির কাছে জানালে এটি প্রতারণা বলে নিশ্চিত হন। এর পরই  মহানগর গোয়েন্দা পুলিশ  বুধবার রাজধানীর পল্টন এলাকা থেকে প্রতারক টিপু মিয়াকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

আব্দুল বাতেন বলেন, শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিক ফেল টিপু মিয়া ওরফে মমিনুল হক (৩৫) টিএম  ট্রেডার্স নামের একটি কোম্পানিতে চাকরি করতেন। প্রতিষ্ঠানের চিঠি আদান-প্রদানের সুযোগে এক অভিনব প্রতারণার   কৌশল রপ্ত করেন। পরে চাকরি ছেড়ে প্রতারক বনে যান। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস সামনে রেখে ব্যানার, ফেস্টুন, লিফলেট ছাপানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকা চেয়ে চিঠি পাঠাতেন তিনি। এ জন্য পুলিশের লোগো ও প্যাডে মহাপরিদর্শকসহ (আইজিপি) উচ্চপদস্থদের নাম ও স্বাক্ষর ব্যবহার করতেন। অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন আরো বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে ফোনে টাকা প্রদানের জন্য চাপ দিতেন। টাকা দিতে রাজি না হলে হুমকি দিতেন তিনি। টিপু মিয়ার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে।