৩৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২৩:৪৯

দোহার উপজেলার জয়পাড়া বাজার থেকে ৩৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড যার বাজার মূল্য প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা। বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া বাজারের পাঁচটি দোকান থেকে ঐ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর লেফটেন্যান্ট স্টেশন কমান্ডার আসিফ, দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এবং দোহার উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুল মান্নান খানের যৌথ অভিযানে এ কারেন্ট জাল জব্দ করা হয়। একটি দোকানের মালিককে কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চার দোকানের মালিক পালিয়ে যায়।