সেই সালেককে জিজ্ঞাসাবাদ দুদকের

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:০৩

বহুল আলোচিত সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ৩৩ মামলার আসামি আমিনুল হক ওরফে আবু সালেককে রাজধানীর দারুস সালাম থানার একটি মামলায় সাতদিনের রিমান্ড হেফাজতে এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান আসামি সালেককে জিজ্ঞাসাবাদ করেন। সালেকের পরিবর্তে ভোটার তালিকায় ছবি বিভ্রান্তির কারণে টাঙ্গাইলের জাহালম নামে এক যুবক ৩৩ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। পরে প্রকৃত আসামি না হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, সালেকের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় ২০১২ সালে মানি লন্ডারিং আইনে একটি মামলা হয়। ঐ মামলায় ছবি বিভ্রান্তির কারণে তার পরিবর্তে কারাগারে গিয়েছিলেন টাঙ্গাইলের জাহালম। পরে বিষয়টি প্রকাশ পেলে হাইকোর্টের নির্দেশে জাহালম মুক্তি পায়। প্রকৃত আসামি সালেক তিন মাস আগে গ্রেফতার হন।