ডেঙ্গুকে মহামারি ঘোষণা করুন ------------------- জোনায়েদ সাকি

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:০৪

ডেঙ্গুর সংক্রমণকে অবিলম্বে মহামারি ঘোষণা করে এর নিয়ন্ত্রণে সরকারের সব সংস্থাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। পাশাপাশি বানভাসি মানুষের জন্য বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে শক্তিশালী করারও দাবি জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু ও বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, ডেঙ্গুর ভয়াবহ বিস্তার সরকারের সার্বিক গাফিলতি ও দুর্নীতির ফল। ডেঙ্গু এ বছর বাড়বে, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে এর পূর্বাভাস ছিল। ফলে আগেভাগেই ব্যবস্থা না নেওয়াটা বিশাল দায়িত্বহীনতার পরিচয়। এরপর কীটনাশক ও ওষুধ ক্রয়ে দুর্নীতি হয়েছে। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়া এবং অনেক প্রাণহানি ও জনবিক্ষোভের পরই সরকারের টনক নড়েছে। কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে এমন দুর্যোগের ভেতরে রেখে সপরিবারে বিদেশ ভ্রমণ করেছেন। অন্য যেকোনো সভ্য দেশে এমন পরিস্থিতিতে কর্তব্যে অবহেলা, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অযোগ্যতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও মেয়রদের পদত্যাগ করতে হতো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য দীপক রায় ও সংগঠক বেলায়েত শিকদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।