শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে রুল

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:০৭

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রুল জারি করেন। রুলে শিশুদের জন্য ক্ষতিকর, আপত্তিকর ও হরর সংশ্লিষ্ট সাইট ইন্টারনেট থেকে কেন ব্লক করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এসব বিষয় তদারকিতে কেন একটি কর্তৃপক্ষ গঠন করার নির্দেশ দেওয়া হবে না মর্মে রুল জারি করে আদালত।

স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, শিক্ষা সচিব, অর্থ সচিব ও বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। শিশুদের জন্য ইন্টারনেটের ক্ষতিকর দিক তুলে ধরে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান।