জামালপুরে বন্যায় মৎস্য খামারিদের ৪৮ কোটি টাকার ক্ষতি

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০৮:৪৮

জামালপুর জেলায় এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় ৭ হাজার মৎস্য খামারির ৯ হাজার ৩২টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এতে মৎস্য খামারিরা ব্যাপক  অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। মোটা অঙ্কের ব্যাংক ঋণের বোঝা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য চাষীরা।

 

জেলা মৎস্য অফিস ও মৎস্য খামারি সূত্রে জানা গেছে, জামালপুর জেলার ৭টি উপজেলার মোট ৬৮টি  ইউনিয়নের মধ্যে ৬২টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় ২২ হাজার ৫০০ পুকুর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৩২টি পুকুর সম্পূর্ণ প্লাবিত হয়েছে। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে সারা জেলার ১৬ হাজার ৪৮৬ জন মৎস্য খামারি। এতে করে প্রায় ৪৮ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ ছাড়া বন্যায় পুকুরের অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হয়েছে আরো প্রায় ৮ কোটি টাকার।

 

মেসার্স লিক্সা মৎস্য খামারির মালিক মেলান্দহ উপজেলার ক্ষুদিয়াকান্দা এলাকার বাসিন্দা মাহবুবা নাসরিন জানান, তার ২০ একর জমির খামারে প্রায় কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে।

আরো পড়ুন : আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচি আজ

সদর উপজেলার মেরাজ মৎস্য খামারের মালিক মেরাজুল হক বলেন, ব্যাংক ঋণের টাকার কিস্তি পরিশোধ দুশ্চিতায় আছি। সরকারিভাবে সহযোগিতা না করা হলে খামারিরা ঘুরে দাঁড়াতে পারবে না।

 

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ‘এবারের ভয়াবহ বন্যায় মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা প্রনয়ণ করে সরকারের কাছে চাষীদের জন্য প্রণোদনার জন্য সুপারিশ করবো।

 

ইত্তেফাক/ইউবি