যুব দিবস উপলক্ষে বিওয়াইএলসির আয়োজনে দৌড় প্রতিযোগিতা

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৩:৩৭

জাতিসংঘের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের প্রথম নেতৃত্ব প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) রাজধানীর হাতিরঝিলে সাড়ে সাত কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এবারের অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- শিক্ষাব্যবস্থার যুগোপযোগী পরিবর্তন।

দৌড় প্রতিযোগিতার বিভিন্ন স্তর থেকে আসা ৫০০ জন দৌড়বিদ ‘সতেজ মনের জন্য চাই সুস্থ শরীর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিওয়াইএলসির রানিং উইথ পারপস’ ইভেন্টে অংশগ্রহণ করেন। এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে কয়েকশ শিশু, কিশোর, তরুণ ও প্রবীণরা ঢাকার হাতিরঝিলে একত্রিত হয়ে বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরো আনন্দদায়ক, ন্যায়নিষ্ঠ ও  অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে শরীরচর্চা ও ফিটনেস এর প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এজাজ আহমেদ বলেন, ‘মানুষদের একত্রিত করে শহরের এই অংশে দৌড় প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বিওয়াইএলসি সুস্বাস্থ্যের গুরুত্বকে প্রচার করতে চায়। তরুণদের অধিকার হিসেবে ন্যায়নিষ্ঠ শিক্ষাব্যবস্থার প্রবর্তনের জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ এটাই টেকসই উন্নয়ন ও পিছিয়ে পড়া সামাজিক-গোষ্ঠীসমূহের সমাজের মূলধারার অন্তর্ভূক্তির জন্য মৌলিক হাতিয়ার হিসেবে কাজ করবে।’

আরও পড়ুন: সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : ওবায়দুল কাদের

স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘শিক্ষার্থীদের সুস্থতাকে যেন পড়াশুনা বিষয়ের মতোই গুরুত্ব দেওয়া হয়  এই বিষয়টি আমাদের নিশ্চিত করা দরকার। এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ন্যায়নিষ্ঠ ও  অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে তরুণদের প্রয়োজনীয়তা হিসেবে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিওয়াইএলসির প্রশংসা করি। যুব মন্ত্রণালয় তরুণদের শিক্ষার মাধ্যমে দক্ষতার উন্নয়ন এবং সবার জন্য আজীবন শিক্ষার সুযোগ প্রবর্তন করতে কাজ করে যাচ্ছে।’

‘দৌড়াদৌড়ি শুধুমাত্র সুস্বাস্থ্যেরই প্রতিনিধিত্ব করে না, বরং এমনও প্রমাণ পাওয়া যায় যে, দৌড়াদৌড়ি কর্মক্ষেত্রে উৎপাদনশীলতার পাশাপাশি ভাল মানসিক সুস্থতার দিকেও ধাবিত করে। তরুণ সমাজের মানসম্মত শিক্ষার অধিকারের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই অনুষ্ঠানের আয়োজক বিওয়াইএলসিকে অভিবাদন জানাই’- এই বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ জাফর উদ্দিন।

মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকেইড, প্রাভা হেলথ, পুর্ণাভা ন্যাচারালস, আবদুল মোনেম লিমিটেড এবং এলিট ফোর্স এই অনুষ্ঠানটি  আয়োজনে সহযোগিতা করেছে। এছাড়াও ইউনাইটেড নিউজ বাংলাদেশ (ইউএনবি) এবং নাগরিক টিভি ছিল ইভেন্টের আনুষ্ঠানিক মিডিয়া পার্টনার।

গত একদশক ধরে বিওয়াইএলসি বিভিন্ন মাধ্যমের তরুণদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, তাদেরকে প্রয়োজনীয় নেতৃত্ব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সরকারি, বেসরকারি, ও বিভিন্ন নাগরিক খাতে কাজ করতে সক্ষম করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দশ বছরে তারা প্রায় চার হাজার তরুণকে নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে।

ইত্তেফাক/এমআরএম