বন্যায় ভেঙ্গে অসংখ্য খানা খন্দের সৃষ্টি হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের পুর্ব সাঞ্জুয়ারভিটা সড়ক। ফলে এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে।
পুর্ব সাঞ্জুয়ারভিটা সড়কে চলাচল করে সাঞ্জুয়ারভিটা, সেনপাড়া, অন্তাইপাড়, ধনিটারী, বোয়ালেরডারা গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। ১০ বছর আগে ২ কি.মি. দীর্ঘ এ সড়কের নাগেশ্বরী বাজার থেকে মহসিন কেরানীবাড়ী পর্যন্ত পাকা করা হলেও বাকি ১ কি.মি. এখনো কাঁচা। গত ২৩ বছরে এর কোন সংস্কার হয়নি।
বন্যায় এর ওপর দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হওয়ায় তা ক্ষয়ে নিচু হয়ে গেছে। এখন বর্ষায় একটানা বৃষ্টিতে সড়কে পানি ওঠে। বন্ধ হয়ে যায় চলাচল। আর বন্যায় এর ওপর দিয়ে ৩-৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাড়িতে অবরুদ্ধ জীবন কাটায় এ সড়কে চলাচলকারীরা। এবারও এর ব্যাতিক্রম হয়নি। ভেঙে অসংখ্য খানা খন্দক ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে গেছে সড়কটি। সেখানে রিকশাসহ হালকা যানবাহন উল্টে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় মনছুর আলী, আব্দুর রশিদ খোকন, বাবলূ মিয়া, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, বাচ্চু মিয়া বলেন, তারা প্রথম শ্রেণির পৌরসভায় বসবাস করেও নাগরিক সুবিধা বঞ্চিত। একমাত্র সড়কের কারণে বর্ষা এলেই দুর্ভোগে পড়েন। তাই দুর্ভোগ নিরসনে তারা দ্রুত সড়কটি উচু ও পাকা করার দাবি জানান।
আরও পড়ুন: চৌহালীতে ১১ জন ডেঙ্গু রোগী
৩নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিন বলেন, ‘আমি মেয়র মহোদয়কে বলেছি। তিনি কথা দিয়েছেন ঈদের পরে সড়কটি সংস্কারের চেষ্টা করবেন।’
ইত্তেফাক/নূহু
