জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। তবে সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরাও পাল্লা দিয়ে এগোচ্ছেন। ফল ঘোষণার শুরুতেই দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের তিন সদস্য প্রথম দফায় চারটি বিভাগের ফল ঘোষণা করেন। দেড় ঘণ্টা পর আরও দুটি বিভাগের ফল প্রকাশ করা হয়। এ পর্যন্ত ছয়টি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, ছয় বিভাগের সম্মিলিত হিসাবে ভিপি পদে ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৫২৮ ভোট। অর্থাৎ ভিপি পদে ব্যবধান খুবই কম।
সাধারণ সম্পাদক (জিএস) পদে তুলনামূলকভাবে বড় ব্যবধানে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি পেয়েছেন ৫৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও প্রতিদ্বন্দ্বিতা তীব্র। এই পদে ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন ৪১৬ ভোট।
ছয় বিভাগের আলাদা ফলাফলে দেখা যায়, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শীর্ষ পদগুলোতে মূলত এই দুই প্যানেলের প্রার্থীরাই ভোটের লড়াইয়ে রয়েছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনার তথ্যের মধ্যে গরমিল ধরা পড়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ রাখতে হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর গভীর রাতে আবার গণনা শুরু হয়। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতেই সকাল হয়ে যায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি ৩৬টি বিভাগের ভোট গণনা এখনো চলমান রয়েছে। পর্যায়ক্রমে সেসব বিভাগের ফল প্রকাশ করা হবে।
দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও হয়। জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। আর হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

