‘জুলাই সম্মাননা স্মারক’ পেলেন দৈনিক ইত্তেফাকের আশিকুল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:২২

জুলাই অভ্যুত্থানে সরাসরি মাঠপর্যায়ে সক্রিয় ও সাহসী ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ আগ্রাসনবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘জুলাই সম্মাননা স্মারক’ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আশিকুল ইসলাম। তার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আরও দুই সাংবাদিককে এই সম্মাননা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকার কাকরাইলের বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনির হোসেন মাহিন, ক্লাবটির সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের জামিল এবং প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ধ্রুব।

জুলাই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ, সংবাদ প্রচার এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক প্রেসার গ্রুপ ‘আগ্রাসনবিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দোলন চলাকালে দায়িত্বশীল সাংবাদিকতা, সাহসী ভূমিকা এবং ঘটনাস্থল থেকে বাস্তব চিত্র তুলে ধরার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।

অনুভূতি প্রকাশ করে দৈনিক ইত্তেফাকের আশিকুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে ক্যাম্পাস সাংবাদিক হিসেবে গোয়েন্দা সংস্থার হয়রানির শিকার হতে হয়েছে। ওই সময় ক্যাম্পাসের দোকানপাট বন্ধ থাকায় না খেয়েও দিন পার করতে হয়েছে সাংবাদিকদের। অনেক সাংবাদিক পরিস্থিতির শিকার হয়ে বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আমরা তা করিনি। আমাদের একটাই লক্ষ্য ছিল কলমকে অস্ত্র বানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকা। কারণ সাংবাদিকদের দেখলেই শিক্ষার্থীদের সাহস বহুগুণে বেড়ে যেত। জুলাই আন্দোলনের পর সাংবাদিকদের সেভাবে কেউ মূল্যায়ন করেনি। ফলে আগ্রাসনবিরোধী আন্দোলনকে ধন্যবাদ জানাচ্ছি।’

আন্দোলনের কঠিন সময়ের কথা স্মরণ করে রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘জুলাই আন্দোলনে সরাসরি মাঠে থেকে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে আগ্রাসনবিরোধী আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিক ক্যাটাগরিতে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য একদিকে সম্মান, অন্যদিকে দায়িত্বের স্মারক।’

ইত্তেফাক/এএইচপি