স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর রাজশাহী আঞ্চলিক পর্ব।
শনিবার (১০ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণী পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এছাড়াও বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মো. বায়াজিদ সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এ. এন. কে. নোমান এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ইকোনমিকস অলিম্পিয়াড বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক বলেন, ‘এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিষয়ে কৌতূহল ও আগ্রহ জাগানোর পাশাপাশি বাস্তবভিত্তিক চিন্তাধারা গড়ে তুলতে এবং বিশ্লেষণী সক্ষমতা বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে।’
পরীক্ষামূলক বাছাই পর্ব শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই অলিম্পিয়াড রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের মাঝে অর্থনীতি চর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
