দুইশ ইউনিট পর্যন্ত বিদ্যুত্ ব্যবহারকারী বাসিন্দাদের এখন থেকে এক পয়সাও বিল গুনতে হবে না বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারো মাসিক বিল ২০১ থেকে ৪০০ ইউনিটের মধ্যে থাকলে তার মিলবে ৫০ শতাংশ ছাড়। এজন্য দিল্লি সরকারকে বছরে এক হাজার ৮০০ থেকে দুই হাজার কোটি রুপি ভর্তুকি দিতে হবে বলেও জানিয়েছেন আম আদমি পার্টির এ প্রধান। এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ (বৃহস্পতিবার) থেকে দিল্লিতেই বিদ্যুতের দাম দেশের মধ্যে সবচেয়ে কম। ভিআইপি কিংবা বড় বড় রাজনীতিবিদদের যখন বিনামূল্যে বিদ্যুত্ দেওয়া হয়, তখন কেউই কিছু বলেন না। তাহলে সাধারণ মানুষকে কেন বঞ্চিত করা হবে? যে সাধারণ মানুষরা ২৪ ঘণ্টাই কাজ করেন, আমি তাদেরকে একই ধরনের সুবিধা দিতে চাই’ । নতুন এ পদক্ষেপের ফলে দিল্লির ৩৩ শতাংশ বাসিন্দা সরাসরি উপকৃত হবেন। শীতকালে উপকারভোগীদের সংখ্যা গিয়ে পৌঁছবে প্রায় ৭০ শতাংশে, বলেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘শীতকালে দিল্লির প্রায় ৭০ শতাংশ বাসিন্দা ২০০ ইউনিটের কম বিদ্যুত্ খরচ করেন,’ । ২০১৫ সালে দিল্লিতে আম আদমি সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বিদ্যুত্ বিলে নানা ধরনের ভর্তুকি দেয়ার প্রকল্প চালু হয়। কেজরিওয়ালের সরকার এ বছরের জুন থেকে দিল্লিতে সরকারি বাস ও মেট্রোতে দরিদ্র নারীদের বিনামূল্যে চলাচলেরও ব্যবস্থা করে দিয়েছে।
