দুর্যোগ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৮

দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি সাড়া কার্যক্রম ও পুনর্বাসন কার্যক্রমে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান-এর সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে সচিব মো. সাইদুর রহমান খান বলেন, “দক্ষ জনবল, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং মাঠ-পর্যায়ের কার্যকর সমন্বয় ছাড়া দুর্যোগ মোকাবিলায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।” তিনি ভবিষ্যতে আরও সমন্বিত ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। তিনি অধিদপ্তরের চলমান কার্যক্রম, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করেন।

মতবিনিময় পর্বে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা মাঠপর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং তা নিরসনে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবেদ আলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কুমিল্লা ও সভাপতি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ); আবু নাসের মোঃ বাবর, উপ-প্রকল্প পরিচালক, ডিডিএম ও সাধারণ সম্পাদক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ); মীর মুর্শেদ রানা, সহকারী প্রকৌশলী, ডিডিএমসহ অধিদপ্তরের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি