মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সেন্ট্রালিয়ান-২০০১’ তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে একটি রেস্টুরেন্টে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশে ও বিদেশে অবস্থানরত ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য এবং বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন শিক্ষকরা অংশ নেন। পুনর্মিলনীতে বিদ্যালয় জীবনের স্মৃতি, আনন্দ ও আবেগ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। দীর্ঘ ২৫ বছরে গড়ে ওঠা বন্ধন ও সম্পর্কের দৃঢ়তা এ আয়োজনে নতুন করে ফুটে ওঠে।
‘সেন্ট্রালিয়ান-২০০১’-এর সভাপতি শাহ মোহাম্মদ আসিফ মাহমুদ বলেন, এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়; বরং শৈশব, বন্ধুত্ব ও মূল্যবোধের সঙ্গে আবার যুক্ত হওয়ার একটি বিশেষ মুহূর্ত। ২৫ বছর পরও একই বন্ধনে আবদ্ধ থাকতে পারাই তাঁদের সবচেয়ে বড় অর্জন বলে তিনি উল্লেখ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন বলেন, দেশে ও বিদেশে অবস্থানরত ব্যাচমেটদের একত্র করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সেন্ট্রালিয়ান-২০০১-এর পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মিলনধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষকবৃন্দও তাদের অনুভূতি প্রকাশ করেন। শিক্ষিকা জেসমিন বেগম বলেন, শিক্ষার্থীদের ঐক্য ও সাফল্য দেখে শিক্ষক হিসেবে তাঁরা গর্বিত। শিক্ষক আখতার হোসেন মণ্ডল বলেন, বিদ্যালয় জীবনে গড়ে ওঠা শৃঙ্খলা ও বন্ধনের প্রতিফলন ২৫ বছর পরও দেখতে পেয়ে ভালো লাগছে।
শিক্ষিকা নার্গিস আহেদ বলেন, সময় অনেক কিছু বদলে দিলেও ছাত্র-শিক্ষকের সম্পর্ক কখনো মুছে যায় না। শিক্ষক এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই আয়োজন প্রমাণ করে বিদ্যালয় জীবন মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
এ ছাড়া শিক্ষিকা লাকি আফরোজা বানু, শিক্ষক অমরশ চন্দ্র বিশ্বাস ও শিক্ষক আব্দুল আহেদ শিক্ষার্থীদের এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় ব্যান্ড কারনেশন (Karnation)-এর সংগীত পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
‘Friends are Always Together in Spirit’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজকেরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী ও সামাজিক কার্যক্রমের পরিকল্পনা রয়েছে।
এই আয়োজন বিদ্যালয় জীবনে গড়ে ওঠা বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্কের দৃঢ়তাকে নতুন করে তুলে ধরে।
