গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ জরুরি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ভোট শুধু একটি নাগরিক অধিকার নয়, বরং গণতন্ত্রের প্রতি একটি নৈতিক দায়িত্ব। তাই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে প্রত্যেক যোগ্য ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

বুধবার বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান সভাপতিত্ব করেন। দুপ্তারা ইউনিয়নের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা খাতুন সভাটি সঞ্চালনা করেন।

স্থানীয় প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে, পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পাশাপাশি গণভোটে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটাররা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সরাসরি ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পূর্ণতা পায় না। তাই প্রত্যেক ভোটারকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ।

সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রথমবারের ভোটার, নারী ভোটার ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজ করতে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএইচপি