বিতর্কিত নিয়োগ বাতিলসহ চবি প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৪:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিতর্কিত নিয়োগ, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য, দুই উপ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা দশটায় প্রশাসনিক ভবনের মূল ফটকে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন, চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মো. ইয়াসিন বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অবৈধ নিয়োগ, মেধার মূল্যায়ন না করে স্বজনপ্রীতি করে যে সকল নিয়োগ হচ্ছে তার প্রতিবাদেই মূলত আজকের এই আয়োজন। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে, বর্তমান উপাচার্য, দুই উপ উপাচার্য ও রেজিস্ট্রারের ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বর্তমান নিয়োগ প্রক্রিয়া একটা গোন্ডির মধ্যে সীমাবদ্ধ। তারা বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করার উদ্যোগে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। এটার তীব্র নিন্দা জানাই। এবং এর সাথে জড়িত উপাচার্য, দুই উপ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইত্তেফাক/এএইচপি