সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে পক্ষকালব্যাপী বৃক্ষমেলার শেষ হওয়া কথা আজ শনিবার। তবে মানুষের আগ্রহের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আরো কয়েকদিন বাড়িয়ে তা নির্ধারণ করেছেন আগামী ৫ আগষ্ট পর্যন্ত। এবার মেলায় মোট ৫০টি স্টল স্থান পেয়েছে। সিলেট বন বিভাগ ও কৃষিসমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়।
মেলায় আগতদের দৃষ্টি কাড়ে বৃক্ষমেলার পাশেই অবস্থিত একটি স্টলের দিকে। স্টলের সামনে ব্যানারে লেখা ‘বৃক্ষভিক্ষা/ আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নিজে বাঁচি।’ ভূমিসন্তান বাংলাদেশ নামে একটি পরিবেশবিষয়ক সংগঠন আয়োজন করেছে এই ‘বৃক্ষভিক্ষা’ কর্মসূচি। মেলায় আগতদের স্বেচ্ছায় প্রদান করা বৃক্ষ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় রোপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনিয়ে, দ্বিতীয়বারের মতো বৃক্ষভিক্ষা কর্মসূচির আয়োজন করেছে ভূমিসন্তান। বৃহস্পতিবার থেকে ভিক্ষা হিসেবে বৃক্ষ গ্রহণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। বৃক্ষভিক্ষা কর্মসূচি চলবে বৃক্ষমেলার শেষদিন পর্যন্ত। সংগঠনের সমন্বয়ক আশরাফুল কবীর বলেন, বৃক্ষভিক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে গাছ কিনতে এবং সে গাছ লাগাতে উত্সাহিত করা হবে। এছাড়াও দান বা ভিক্ষার হিসেবে সংগৃহীত গাছ সিলেট লাক্কাতুরা চাবাগানস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং তত্সংলগ্ন এলাকায় রোপণ করা হবে।
