বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ দেখতে এসে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফেরা দর্শকদের জন্য টিকেটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবারের নির্ধারিত দুই ম্যাচের টিকেট কাটা দর্শকেরা এই অর্থ ফেরত পাবেন।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকেটের অর্থ ফেরত পেতে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটের ( https://www.gobcbticket.com.bd/en) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া সহায়তার জন্য একটি যোগাযোগ নম্বরও (+880 9606-501231) দেওয়া হয়েছে।
চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্ব। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের। নির্ধারিত সময়ের অনেক আগেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি বাড়তে শুরু করে। অনেকে গ্যালারিতে প্রবেশ করে আসনও নেন।
কিন্তু ক্রিকেটারদের নিয়ে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে ওই দিনের খেলা বর্জনের সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। ফলে চার দলের কোনো দলই মাঠে নামেনি।
একপর্যায়ে স্টেডিয়ামের ফটক বন্ধ করে দেওয়া হলে বাইরে অপেক্ষমাণ দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবার গভীর রাতে পরিস্থিতির সমাধান হয়। বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের বৈঠকের পর জানানো হয়, শুক্রবার থেকে আবার শুরু হবে বিপিএল।
পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবারের স্থগিত দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার। যারা ওই দিনের টিকেট কেটেছিলেন বা কাটবেন, তারা ওই ম্যাচ দুটি দেখতে পারবেন। একইভাবে শুক্রবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শনিবার এবং শনিবারের ম্যাচ দুটি পিছিয়ে রোববারে নেওয়া হয়েছে।
টুর্নামেন্ট সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। পরদিন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী শুক্রবার।
