মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ডিএসআর সুস্ময় চক্রবর্তী (২৫)-এর কাছ থেকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কামালদি ব্রিজ নামক স্থানে ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুস্ময় বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার ডাচ্-বাংলা ব্যাংকের মাষ্টার এজেন্ট টেকেরহাট শাখার একজন কর্মী এবং উপজেলার ৬টি শাখা থেকে নিয়মিতভাবে টাকা আনা-নেওয়ার দায়িত্বে ছিলেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সুস্ময় চক্রবর্তী বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শাখা থেকে মোট ২৪ লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে বাজিতপুর মজুমদার বাজার সাব এজেন্ট শাখার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৫ জনের একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। তারা ভিজিটিং কার্ড দেখিয়ে সুস্ময় থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও অন্যান্য তদন্ত কার্যক্রম শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য চারটি টিম মাঠে কাজ করছে।
ডাচ্-বাংলা ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মনতোশ সরকার বলেন, ‘ঘটনার পর থেকে ব্যাংক ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে।’
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে সুস্ময় চক্রবর্তী তাদের নিয়ন্ত্রণে চলে গিয়ে টাকার ব্যাগটি তুলে দেন। পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত তৎপরতা অব্যাহত রয়েছে।’
