স্মার্ট অটোমেশন সেবা চালু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিভাগটির অধীনে থাকা ‘সেন্টার ফর রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেন্সি (সিআরটিসি)-তে এই অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হয় বলে জানিয়েছেন সিআরটিসি‘র কোঅর্ডিনেটর ড. মো. ইমরান কবির।
তিনি বলেন, ২০০৪ সাল থেকে এই বিভাগের অধীনে ‘সেন্টার ফর রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেন্সি (সিআরটিসি) চালু রয়েছে। তবে এতদিন গতানুগতিক উপায়ে পরীক্ষণ ও ফলাফল প্রদান করা হয়েছে। স্মার্ট অটোমেশন সেবা চালুর মধ্য দিয়ে নতুন এক দিগন্ত উন্মোচন হবে বলে জানান তিনি। এই পদ্ধতির মাধ্যমে পরীক্ষণ শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সময় প্রতিবেদনের ওপর ইউনিক কোড এবং একটি কিউআর কোড দেওয়া হয়। যার দ্বারা স্মার্ট ফোন দিয়ে স্ক্যান করে কিংবা সিআরটিসি’র ওয়েবসাইটে ফলাফল যাচাই করার সুযোগ থাকবে। ফলে নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন পরীক্ষণের ফলাফল নকল করে পরিবর্তনের সুযোগ আর থাকবে না।
জানা যায়, শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে থাকা রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেন্সিতে (সিআরটিসি) মাটির রাসায়নিক গুণাগুণ, মাটির সহনশীলতা, পানি, বাতাসের গুণাগুণসহ সকল ধরনের নির্মাণ সামগ্রীর মান যাচাই-বাছাই ও পরীক্ষণ করা হয়।
স্মার্ট অটোমেশন সেবা নিশ্চিত করতে সিইই বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক ও তার প্রতিষ্ঠান টেকনেক্সট কাজ করেছে। এই সেবা চালু করতে প্রায় এক বছর সময় লেগেছে বলে জানান তিনি।
