বাগমারা উপজেলায় অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন এক কর্মী। দুই ঘণ্টা ধরে তারের সঙ্গে ঝুলেছিল তাঁর লাশ। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার হঠাত্পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গোটা উপজেলায় প্রায় তিন ঘণ্টাব্যাপী বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া কর্মীর নাম রিয়াজ উদ্দিন শেখ (৫২)। তিনি উপজেলার বাগমারা পশ্চিম পাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। রিয়াজ উদ্দিন নাটোর পল্লী বিদ্যুত্ সমিতির-১ এর বাগমারা আঞ্চলিক দপ্তরের নিয়মিত দৈনিক কর্মচারী ছিলেন।
নাটোর পল্লী বিদ্যুতের বাগমারা আঞ্চলিক দপ্তরের জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, রিয়াজ উদ্দিন তাদের নিয়মিত দৈনিক কর্মী ছিলেন। লাইনম্যান না হওয়ায় তাকে কেন সেখানে সংযোগ দেওয়ার কাজে পাঠানো হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ওই সময় সেখানে যাওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান রিয়াজ উদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
