খুলনা সরকারি মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঐ পুকুর থেকে লাশটি উদ্ধার করে। সোহেল মহিলা কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে অস্থায়ী ভিত্তিতে চাকরি করতেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে পুকুরপাড়ে একজোড়া জুতা দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সোহেল বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুত্ফর রহমানের ছেলে।
বয়রা সদর ফায়ার সার্ভিসের পরিদর্শক নূরুল আল রাজু বলেন, খবর পেয়ে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে সোহেলের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সাব্বিরুল ইসলাম বলেন, শেখ ওমর ফারুক সোহেল মৃগীরোগী ছিলেন। এ ঘটনায় খালিশপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
