শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) শিক্ষকরা। এ ক্ষেত্রে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থের দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকই সহযোগিতা করবেন বলে মনে করেন ইউটিএল সাস্ট চ্যাপ্টারের সদস্যসচিব অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, আগামীকাল ২০ জানুয়ারি দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইউটিএলের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে আগামীকাল নির্বাচন করবে। ইউটিএল সাস্ট চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব, ইনশাআল্লাহ। কয়েকজন শিক্ষক অসহযোগিতার কথা বলেছেন। তবে আমরা বলতে চাই, অধিকাংশ শিক্ষক এই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা কোনো শিক্ষককে ষড়যন্ত্রের অভিযোগ করিনি। যারা অসহযোগিতার কথা বলেছেন, আমরা তাদেরও অনুরোধ করছি—আপনারা শিক্ষার্থীদের দিকে তাকান। আপনারাও আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. জামালুদ্দিন, অধ্যাপক ড. অহিদুজ্জামান প্রমুখ।

