দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মধ্যেই থাইল্যান্ডের ব্যাংককে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটেছে। গতকাল শুক্রবার তিনটি স্থানে এই বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য ক্ষমতাধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নিয়েছেন। খবর রয়টার্সের
পুলিশ জানিয়েছে, রাজধানীর চায়েং ওয়াত্তানা সরকারি কমপ্লেক্স রামা আইএক্স রোড, প্রশাসনিক আদালত, বিটিএস চোং নোনসি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রাতুনাম এলাকায় এসব বিস্ফোরণেরঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ আগে দুটি বিস্ফোরণ ঘটে। তৃতীয় বিস্ফোরণটি ঘটে সরকারি কমপ্লেক্সের কাছে। এরাবান মেডিক্যাল সেন্টার জানিয়েছে, বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। তবে কারো অবস্থাই গুরুতর নয়। আহতদের মধ্যে এক নারী পরিচ্ছন্ন কর্মী রয়েছেন। পুলিশ কর্মকর্তা খামতুর্ন উইচাওরেন জানিয়েছেন, ছয়টি বিস্ফোরণ ঘটেছে। একটি বোমা বিস্ফোরিত হওয়ার আগেই উদ্ধার করা হয়েছে। বোমা হামলার দায়িত্ব তাত্ক্ষনিকভাবে কেউ স্বীকার করেনি। প্রধানমন্ত্রী প্রায়ূথ চা ওঁচা এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারাই হামলাগুলো চালিয়েছে। ব্যাংককে বর্তমানে এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নিয়েছেন। বৃহস্পতিবার থাই পুলিশ দুটি সম্মেলনের কাছ থেকে দুটি ভুয়া বোমা উদ্ধারের কথা জানিয়েছিল।
